প্রিন্ট এর তারিখঃ May 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 19, 2026 ইং
কোরবানির ঈদ সামনে রেখে চন্দনাইশের কামারপল্লীতে টুংটাং শব্দে মুখর

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কামারপল্লী ও হাট-বাজারগুলোতে ব্যস্ততা তুঙ্গে উঠেছে। দা, বঁটি, ছুরি ও চাপাতি তৈরি এবং শান দেওয়ার কাজে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা।
উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন প্রধান বাজার যেমন—বরমা ধামাইর হাট, চন্দনাইশ বাজার, গাছবাড়িয়া খানহাট ও দোহাজারী বাজারে এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়। টেকসই ও ভালো মানের সরঞ্জাম তৈরিতে গাড়ির স্প্রিংয়ের উন্নতমানের ইস্পাত ব্যবহার করা হচ্ছে।
বর্তমান বাজারদর হিসাবে বড় ছুরি ১,০০০ থেকে ১,৫০০ টাকা, চাপাতি ৮০০ থেকে ১,২০০ টাকা এবং দা ও বঁটি প্রকারভেদে কেজি প্রতি ৬০০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। কারিগররা জানান, সারাবছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদ তাদের আয়ের মূল মৌসুম। তবে লোহা ও কয়লার দাম বাড়ায় এবার সরঞ্জামের দাম কিছুটা বেশি, যা নিয়ে ক্রেতাদের মনে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এছাড়া বাজারে রেডিমেইড পণ্যের আধিক্য থাকায় আগের চেয়ে সরাসরি অর্ডার কিছুটা কমেছে।
আধুনিক যন্ত্রপাতির ভিড়ে ঐতিহ্যবাহী এই শিল্প কিছুটা সংকটে পড়লেও, ঈদের এই বাড়তি আয় চন্দনাইশের কামারদের মুখে হাসি ফুটিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট